টেকনাফ থেকে ১৫ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে ১৫ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে শুল্ক বিভাগের কর্মকর্তারা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নাফ নদীর ৯ নম্বর স্লুইচ গেট এলাকার হ্নীলার কাস্টমসপাড়া করিডোর থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।
টেকনাফ কাস্টমসের কর্মকর্তা হুমায়ুন কবির জানান, মিয়ানমার থেকে হ্নীলা করিডরের মাধ্যমে গবাদিপশু আনা হয়। এসব পশু থেকে শুল্ক আদায় করে কাস্টমস। আজ রাতে একটি নৌকায় করে কয়েকটি গবাদি পশু আনা হয়। এ সময় একজন লোক হাতে একটি ব্যাগসহ নৌকা থেকে নেমে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে কথা না বলে বেড়িবাঁধ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তাঁকে দাঁড়ানোর সংকেত দিলে তিনি ব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান। ওই ব্যাগে ১৫ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
হুমায়ুন কবির আরও জানান, ইয়াবাগুলো টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।