টেকনাফ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াবাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে টেকনাফ থেকে গতকাল রোববার ভোর চারটার দিকে ২২ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলমও রয়েছেন। অন্য দুজন হলেন মো. ইউনুছ ও জাকের হোসেন। তাঁরা সবাই টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়া পাড়া গ্রামের বাসিন্দা।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল বশর বলেন, শওকত আলম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। ইয়াবা বড়িসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় তাঁর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সামিউল রহমানের নেতৃত্বে পৌরসভার কায়ুকখালিয়াপাড়া এলাকায় ইয়াবা বেচাকেনার সময় তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২২ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
ওসি মো. আতাউর রহমান খন্দকার বলেন, শওকত আলম তালিকাভুক্ত একজন ইয়াবা ব্যবসায়ী।