টেকনাফ হাসপাতালে চিকিৎসককে পেটাল দুর্বৃত্তরা, মামলা
কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গত শনিবার রাত ১১টার দিকে দুর্বৃত্তদের হামলায় চিকিৎসক-কর্মচারীসহ পাঁচজন আহত হয়েছেন। হামলার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরা গতকাল রোববার সকাল থেকে কালো ব্যাজ ধারণ করে কর্মসূচি পালন করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আলম জানান, হামলার ঘটনায় থানায় মামলা হলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় চিকিৎসকসহ হাসপাতালের কর্মচারীরা নিরাপত্তাহীন হয়ে পড়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জাদিমুরা এলাকার নজরুল, হাসান ও টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়াপাড়ার টুটুলের নের্তৃত্বে ১০-১২ জন লোক মো. নূর নামের এক ব্যক্তিকে আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক মো. নূর আলম দীন আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠাতে ছাড়পত্র দেন। এ সময় রোগীর সঙ্গে থাকা লোকজন চিকিৎসকের ওপর হামলা চালান। তাঁকে বাঁচাতে হাসপাতালের কর্মচারীরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়।
এ ঘটনায় চিকিৎসক নূর আলম দীন বাদী হয়ে নজরুল, হাসান ও টুটুলসহ অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, চিকিৎসকসহ কর্মচারীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।