টেকনাফে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার অনেক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড-নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষক সমিতির টেকনাফ উপজেলা শাখার সভাপতি বিষয়টি স্বীকারও করেছেন।
উপজেলার শাহপরীর দ্বীপ বশির আহমদ উচ্চবিদ্যালয়, নয়াপাড়া নবী হোসেন উচ্চবিদ্যালয়, টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়, এজাহার বালিকা উচ্চবিদ্যালয়, হ্নীলা উচ্চবিদ্যালয়, হ্নীলা বালিকা উচ্চবিদ্যালয়, মলকাবানু উচ্চবিদ্যালয়, শামলাপুর উচ্চবিদ্যালয়, নয়াবাজার উচ্চবিদ্যালয় ও হোয়াইক্যং আল-আছিয়া উচ্চবিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অভিযোগ করেছে, তাদের কাছ থেকে বোর্ড-নির্ধারিত ফির বেশি আদায় করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবকও অভিযোগ করেন, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা একাডেমিক সুপারভাইজার মো. নুরুল আবসার বলেন, উপজেলার বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড-নির্ধারিত ফির দ্বিগুণের বেশি আদায় করছে বলে শোনা যাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে আট শতাধিক শিক্ষার্থী অংশ নিতে পারে।
বাংলাদেশ শিক্ষক সমিতির টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও শামলাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মঞ্জুর বলেন, ‘বোর্ড-নির্ধারিত ফি, বেতন, কোচিং ফি, জরিমানা, অন্যান্য বকেয়াসহ উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ৩ হাজার ৬০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা আদায় করছে।’
বোর্ড-নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা কেন আদায় করা হচ্ছে? এই প্রশ্নের জবাবে আবুল মঞ্জুর বলেন, ‘এগুলো বেসরকারি প্রতিষ্ঠান, তাই একটু বেশি টাকা নেওয়া হচ্ছে। এ ছাড়া একাধিকবার শিক্ষার্থীদের কাজে বোর্ডে যেতে হয়। এ জন্য টাকা খরচ হয়।’
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, এসএসসির ফরম পূরণে বিজ্ঞান শাখার শিক্ষার্থীর কাছ থেকে ১ হাজার ৪৫৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ৩৫৫ টাকার বেশি নেওয়া যাবে না মর্মে পত্রিকা ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তিনি বলেন, পরীক্ষার ফির সঙ্গে কোচিংয়ের নামে কোনো ফি নেওয়া অযৌক্তিক। এ ব্যাপারে অভিযোগ পেলে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ ব্যাপারে জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ ইকবাল বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।