টেকনাফে অপহরণের সময় যুবক উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে এক যুবককে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় এক দালালকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। পৌর বাসস্টেশনের মসজিদের সামনে সোহেল তাজ (১৮) নামের এক যুবককে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ওই দলটি বাহারছড়ার নোয়াখালী এলাকার মো. উল্লাহকে (২১) আটক করে। এ সময় আরও দুজন পালিয়ে যায়। সোহেল কক্সবাজারের মাইজপাড়ার নুরুল ইসলামের ছেলে।
মো. উল্লাহ পুলিশকে জানান, সমুদ্রপথে মালয়েশিয়াগামী জাহাজে মানুষ তুলে দিলে জনপ্রতি ২০ হাজার টাকা করে দেয় দালালেরা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, আটক মো. উল্লাহর স্বীকারোক্তিমতে, মানব পাচার আইনে তাঁকে প্রধান আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন একই এলাকার শহিদ উল্লাহ (২২) ও গুরা মিয়া (২৮)। মো. উল্লাহ ও সোহেলকে আদালতে পাঠানো হয়েছে।