টেকনাফে অবৈধ দখলদার উচ্ছেদ, জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের পাশাপাশি ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ অভিযান চালান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র আবদুল্লাহ মনির, কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

পৌরসভার জিরো পয়েন্ট, থানা মোড়, কুলালপাড়া জিপ স্টেশন, পুরাতন বাসস্টেশন ও লেঙ্গুরবিল রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

পৌরসভা সূত্র জানায়, অভিযানের আগে অবৈধ দখলদারদের সরে যেতে এলাকায় মাইকিং করা হয়েছিল।

পৌরসভার প্যানেল মেয়র ও অবৈধ দখল উচ্ছেদ কমিটির সদস্য আবদুল্লাহ মনির বলেন, যানজট নিরসন ও পথচারীদের চলাচলে বাধা দূর করতে এ অভিযান চালানো হয়।

টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বলেন, তাঁর কয়েকটি প্রতিশ্রুতির মধ্যে অন্যতম হচ্ছে, অবৈধ দখল ও যানজটমুক্ত পৌরসভা গঠন করা। তাই এ অভিযান চালানো হয়েছে। পৌরবাসীকে নিয়ে অভিযান অব্যাহত রাখা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল প্রথম আলোকে বলেন, অভিযানে আড়াই শতাধিক অবৈধ স্থাপনা ও কয়েকটি সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে। অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলায় ১৫টি প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ৫৪ হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে।