টেকনাফে অস্ত্র ও ইয়াবা বড়ি উদ্ধার আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের পৃথক অভিযানে একটি এলজি, তিনটি কার্তুজ ও ২৮ হাজার ৭১১টি ইয়াবা বড়ি আটক করেছে। গতকাল শনিবার ভোর চারটা থেকে বেলা দুইটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও এসব ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, উপজেলার হ্নীলার জাদিমোরার নেচারপার্কের পরিত্যক্ত একটি ঘর থেকে এলজি ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সকালে দমদমিয়া তল্লাশিচৌকিতে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস থেকে ১৬ হাজার ইয়াবা বড়ি, একই তল্লাশিচৌকিতে চট্টগ্রামগামী একটি বাস থেকে ১ হাজার ১৬৬ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। দুপুরে একই এলাকা থেকে ৪৫টি ইয়াবা বড়িসহ সাবরাং পানছড়িপাড়ার জসিম উদ্দিনকে আটক করা হয়। এ ছাড়া হ্নীলার লেদা নাফ নদীর বেড়িবাঁধ এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে গতকাল সকালে পাঁচ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, পৌরসভার বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ ইয়াবা বড়িসহ লক্ষী রানী বালা নামের এক নারীকে আটক করা হয়েছে।