টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৫
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। এ সময় পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার রাতে এ অভিযান চালানো হয়।
বিজিবি ও পুলিশের ভাষ্যমতে, আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার সাবরাং ইউনিয়নের মো. সাইফুল (২০), মো. শাহ আলম (২২), বশির আহমদ (৪৭), হরি প্রসাদ (৩৫) ও মিয়ানমারের নাগরিক রিয়াজ হোসেন (২১)।
টেকনাফ ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খান বলেন, মিয়ানমার থেকে একটি নৌকায় করে ইয়াবার চালান আসছে বলে তথ্য পাওয়া যায়। এরপর বিজিবির একটি বিশেষ দল সাবরাং নয়াপাড়ার ঝিনাপাড়ার নাফ নদীর বেড়িবাঁধে অবস্থান নেয়। রাত ১১টার দিকে একটি নৌকা বেড়িবাঁধে এসে ভেড়ে। বিজিবির উপস্থিতি দেখে নৌকায় থাকা তিনজন পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে সাইফুল, শাহ আলম ও রিয়াজকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যে নৌকায় তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। নৌকাটি জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, ইয়াবা বড়িসহ আটক তিনজনকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।
অন্য ঘটনা সম্পর্কে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার ঝিনাপাড়া গ্রামে ইয়াবা বেচাকেনা হচ্ছে বলে খবর পাওয়া যায়। রাত ১০টার দিকে পুলিশের একটি দল অভিযান চালায়। সেখান থেকে ১০ হাজার ইয়াবা বড়ি, একটি বিদেশি পিস্তল ও দুটি গুলিসহ বশির ও হরি প্রসাদকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।