টেকনাফে অস্ত্র ও ২০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফের জাদিমুরা এলাকা থেকে গতরাতে দেশীয় একটি এলজি, দুটি কার্তুজ ও ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে তাঁরা কাউকে আটক করতে পারেননি।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে আসছে বলে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদ পায় বিজিবি। এরপর রাত সাড়ে ১০টার দিকে বিজিবির বিশেষ একটি দল উপজেলার জাদিমুরা এলাকার নাফ নদীর বেড়িবাঁধে অবস্থান নেয়। কিছু সময় পর কাছেই একটি মাছ ধরার নৌকা এসে ভিড়ে। বিজিবি সদস্যরা এগিয়ে গেলে নৌকায় একটি প্যাকেট ফেলে দুই ব্যক্তি দৌড়ে পালায়। পরে প্যাকেটের মধ্য থেকে একটি এলজি, দুইটি কার্তুজ ও ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় কেবল নৌকাটি জব্দ করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও নৌকাটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ইয়াবা বড়ি বিজিবি হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পরবর্তীতে ইয়াবাগুলো ধ্বংস করা হবে।