টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ থেকে পুলিশের তালিকাভুক্ত রোহিঙ্গা ডাকাত জকরিয়া ওরফে রশিদ উল্লাহকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নে মোচনি এলাকার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই শরণার্থীশিবিরের বি ব্লকের ৫ নম্বর কক্ষের বাসিন্দা মৃত হাবিবুর রহমানের ছেলে।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে তিনটি লম্বা কিরিচ, একটি রামদা, একটি দেশীয় এলজি ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। জকরিয়ার বিরুদ্ধে টেকনাফ থানায় ডাকাতি, নারী নির্যাতন, মারামারিসহ পাঁচটি মামলা রয়েছে।
টেকনাফ মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, একদল ডাকাত রোহিঙ্গা শরণার্থীশিবিরের একটি কক্ষে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। উপপরিদর্শক (এসআই) সুবীর পালের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও একটি দেশীয় এলজিসহ জকরিয়া ওরফে রশিদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই কক্ষে তল্লাশি চালিয়ে তিনটি লম্বা কিরিচ, একটি রামদা উদ্ধার করা হয়। জকরিয়া পুলিশের তালিকাভুক্ত রোহিঙ্গা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে থানায় ডাকাতি, নারী নির্যাতন, মারামারিসহ পাঁচটি মামলা রয়েছে। এসব মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিনে রয়েছেন।
ওসি মো. আবদুল মজিদ বলেন, জকরিয়ার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হচ্ছে।