টেকনাফে অস্ত্রসহ 'ডাকাতসর্দার' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার পাহাড়ি এলাকা থেকে গতকাল শনিবার মো. সাদেক (২৫) নামের একজন ‘ডাকাতসর্দারকে’ ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা।
সাদেক হ্নীলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের বাসিন্দা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, গতকাল দুপুরে হ্নীলার রঙ্গিখালীর পাহাড়ি এলাকায় একদল সশস্ত্র ডাকাত অবস্থান করছে—এ খবর পেয়ে আলীখালী-রঙ্গিখালী এলাকার লোকজন তাদের ধরার চেষ্টা করে। এ সময় ডাকাতেরা কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পালানোর চেষ্টা চালায়। পালিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ডাকাতসর্দার মো. সাদেক পড়ে গেলে জনতা তাকে ধরে ফেলে। অন্য ডাকাতেরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে একটি এলজি, দুটি গুলি ও একটি কিরিচসহ মো. সাদেককে পুলিশে সোপর্দ করে জনতা।
ওসি জানান, হত্যা, আনসারের ওপর হামলা, নারী নির্যাতন ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে সাদেকের বিরুদ্ধে ১১টি মামলা আছে। রোববার (আজ) তাকে আদালতে হাজির করা হবে।