টেকনাফে আ.লীগের নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল গ্রামে গত শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম ইউনুচ বাঙ্গালীকে (৪৬) কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হ্নীলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত এক নেতার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার রাতে ফুলের ডেইল গ্রামের একটি বাড়িতে ভোজ অনুষ্ঠানে যোগ দেন ইউনুচ বাঙ্গালী। রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত লোহার রড, লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে ওই বাড়ির বৈঠকখানায় ইউনুচ বাঙ্গালীর ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে। দুর্বৃত্তরা ইউনুচকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। একপর্যায়ে হামলাকারীরা ওই বাড়ির কিছু আসবাব ও দুটি গাড়ি ভাঙচুর করে। এ ছাড়া বাড়িতে থাকা লোকজনকে প্রায় আধা ঘণ্টার মতো অবরুদ্ধ করে রাখে। পরে টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) রণজিৎ কুমারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত ইউনুচকে উদ্ধার করে প্রথমে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
হ্নীলা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক শঙ্কর চন্দ্র দেবনাথ বলেন, ইউনুচের শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় জখম হয়েছে। এ কারণে তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
আহত ইউনুচ বাঙ্গালী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হ্নীলা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত মাহাবুব মোর্শেদ, তাঁর ভাই রাশেদ মো. আলী, তারেক মাহমুদসহ কয়েকজন হত্যার উদ্দেশ্যে আমার ওপর হামলা চালায়। চিকিৎসার অভাবে যাতে আমার মৃত্যু হয়, সে জন্য তারা ওই বাড়িতে আমাকেসহ অন্যদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করেছে।’ তিনি বলেন, এ ব্যাপারে মামলা করা হবে।
তবে মাহাবুব মোর্শেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রাজনৈতিক ফায়দা হাসিল করতে আমাদের বিরুদ্ধে দুর্নাম ছড়ানো হচ্ছে।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল শনিবার ইউনুচ বাঙ্গালীকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তিনি বলেন, হামলাকারীদের ধরার চেষ্টা চলছে।