টেকনাফে আনসার ক্যাম্পে হামলা : ৫ রোহিঙ্গা গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে ক্যাম্পে হামলা চালিয়ে আনসার কমান্ডার হত্যা ও অস্ত্র লুটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের মুচনী রোহিঙ্গা শিবিরের ডি ব্লকের বাসিন্দা মো. রফিক ওরফে মামুন মিয়া, ই-ব্লকের আবদুর রাজ্জাক ও তাঁর ভাই আবদুস সালাম, সি ব্লকের মো. জয়নাল ওরফে জানে আলম ও মো. হারুন।
গত ১৩ মে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের ভেতরে শালবন আনসার ক্যাম্পে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন আনসার কমান্ডার আলী হোসেন। পরে ক্যাম্প থেকে আনসারের ১১টি অস্ত্র ও ৬৭০টি গুলি লুট করে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তিকে সাংবাদিকদের সামনে আনা হয়।
এ সময় র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার পাঁচ রোহিঙ্গা আনসার কমান্ডার হত্যা ও অস্ত্র লুটের সঙ্গে জড়িত। তাঁরা চিহ্নিত রোহিঙ্গা ডাকাত। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন মিয়ানমারের জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসওর) সঙ্গে জড়িত।
র্যাব সূত্রের ভাষ্যমতে, হামলার পরপরই দুর্বৃত্তরা মিয়ানমারে পালিয়ে গেছে বলে গুজব শোনা গেলেও মূলত তারা কুতুপালং ক্যাম্পের পাশে জঙ্গলে পালিয়ে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। লুণ্ঠিত অস্ত্রগুলো বাংলাদেশে আছে, নাকি মিয়ানমারে চলে গেছে, সে ব্যাপারে অনুসন্ধান চলছে।
আনসার ক্যাম্পে হামলার ঘটনায় গত ৩০ মে পুলিশ টেকনাফের হোয়াইক্যংয়ের জঙ্গল থেকে নুরুল আবছার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ৩১ মে তিনি কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, আনসার ক্যাম্প থেকে লুট করা ১১টি অস্ত্র মিয়ানমারে নেওয়া হয়েছে। পাকিস্তানি নাগরিক ওমর ফারুকের পরিকল্পনায় তাঁরা আনসার ক্যাম্পে হামলা চালান। আরএসওর জন্য অস্ত্রগুলো লুট করা হয়েছে।