টেকনাফে আনসারুল্লাহ সন্দেহে আটক ১
কক্সবাজারের টেকনাফ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ। তাঁর নাম মোহাম্মদ আলী ওরফে এম আলী (৩৫)।
পুলিশ জানায়, মোহাম্মদ আলীর বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি ও টেকনাফ থানায় সন্ত্রাস দমন আইনে দুটি মামলা রয়েছে।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, মোহাম্মদ আলী আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তাঁকে বেশ কিছুদিন ধরে খোঁজা হচ্ছিল। ঈদ সামনে রেখে এলাকায় এসে তিনি নাশকতার পরিকল্পনা করছেন—এমন তথ্য রয়েছে পুলিশের কাছে।
অবশ্য পুলিশি হেফাজতে মোহাম্মদ আলী সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নন। কয়েক বছর ধরে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার পরিদর্শক কবির হোসেন বলেন, আলী পুলিশের সোর্স ছিল না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি যেসব তথ্য দিয়েছেন তা যাচাই করা হচ্ছে।