টেকনাফে আরএসও নেতাসহ আটক ৪
জঙ্গিবাদী তৎপরতা চালানোর অভিযোগে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় গতকাল শনিবার অভিযান চালিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সংগঠনের এক নেতা, একজন সৌদি নাগরিকসহ চার ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় স্থানীয় সাংসদ ঘটনাস্থলে গিয়ে আটক দুই ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
আটক ব্যক্তিরা হলেন রোহিঙ্গা শরণার্থীদের সংগঠন আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) নেতা হাফেজ ছালাহুল ইসলাম, সৌদি নাগরিক আবু ছালেহ আহম্মদ আল গাদ্দানি, টাঙ্গাইলের মোহাম্মদ ইব্রাহিম ও টেকনাফের বাহারছড়ার ছৈয়দ করিম।
পুলিশ সূত্র জানায়, ছালাহুল ইসলাম মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আর্থিক সহযোগিতায় কক্সবাজার সরকারি কলেজের পেছনে পাঁচ একর পাহাড়ি জমিতে (দক্ষিণ মুহুরীপাড়া) একটি মাদ্রাসা তৈরি করেন। তিনি ওই মাদ্রাসার পরিচালক।
২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গ্রামের ছৈয়দ করিমের বাড়িতে জঙ্গিনেতারা মিয়ানমারের রোহিঙ্গাদের সঙ্গে গোপন বৈঠক করছেন—এই খবরের ভিত্তিতে গতকাল বেলা একটার দিকে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবালের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সদস্যরা বাড়িটি ঘিরে ফেলেন। এ সময় বাড়ির মালিক ছৈয়দ করিম ও সৌদি নাগরিক আবু ছালেহ আহম্মদ আল গাদ্দানিকে আটক করা হয়। পরে ছৈয়দ করিমের স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির শৌচাগার থেকে জঙ্গিনেতা ছালাহুল ইসলামকে আটক করা হয়। এ সময় টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন ও তাঁর ভাই বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজ উদ্দিন কৌশলে পালিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক অভিযানে অংশ নেওয়া একজন সরকারি কর্মকর্তা বলেন, ওই বৈঠকে জঙ্গি তৎপরতাসহ বিভিন্ন কাজে ১৪ কোটি টাকা বিতরণের কথা ছিল। কিন্তু কৌশলে ওই টাকা সরিয়ে ফেলা হয়। জঙ্গিদের গোপন বৈঠক ও টাকা বিতরণের খবর টেকনাফের সাংসদ আবদুর রহমান বদির জানা ছিল। অভিযানের সময় ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়া জনপ্রতিনিধিরা সাংসদ বদির ঘনিষ্ঠজন। অভিযানের সময় সাংসদ বদি ঘটনাস্থলে গিয়ে হাফেজ ছালাহুল ও সৌদি নাগরিককে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান। এ নিয়ে সাংসদ বদির সঙ্গে যৌথ বাহিনীর এক কর্মকর্তার বাগ্বিতণ্ডা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, ‘সাংসদ বদি ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান। আটক ব্যক্তিদের পক্ষে নানা কথা বলেছেন তিনি। কিন্তু যৌথ বাহিনীর কর্মকর্তারা তাঁকে (বদিকে) বলেছেন, “আমাদের কাজ আমাদের করতে দিন, আপনি এখান থেকে চলে যান।” এরপর সাংসদ বদি এলাকা ত্যাগ করেন।’
একাধিকবার চেষ্টা করেও এ ব্যাপারে সাংসদ বদির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
পুলিশ জানায়, ২০১৩ সালের ২০ মার্চ জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে টেকনাফের হ্নীলা থেকে ছালাহুল ইসলামকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তিনি মিয়ানমারের মংডু শহরের বাসিন্দা। ১৯৮৮ সালে তিনি রোহিঙ্গা শরণার্থী হিসেবে টেকনাফে আসেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ গতকাল রাতে জানান, জঙ্গিবাদী তৎপরতা চালানোর অভিযোগে আটক ছালাহুল ইসলামসহ চার ব্যক্তিকে বিজিবির ব্যাটালিয়ন কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাত সাড়ে আটটা পর্যন্ত তাঁদের থানায় হস্তান্তর করা হয়নি।