কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের হামলায় আহত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাবরাং ইউনিয়নের লাফারঘোনা গ্রাম থেকে নছিমা খাতুন ওরফে রশিদার (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। গত বুধবার রাতে দুই মেয়েসহ তাঁর ওপর হামলা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যাকারী মানব পাচারকারীদের ধরার চেষ্টা চলছে। নিহত নারীর স্বামী মো. ইসলাম বাদী হয়ে মৌলভী আলী আহমদসহ ১২ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন।
নছিমা খাতুনের বড় মেয়ে রোজিনা আকতার জানান, বুধবার রাত ১১টার দিকে স্থানীয় দালাল মৌলভী আলী আহমদ মালয়েশিয়ায় পাচারের জন্য তিন ব্যক্তিকে তাদের বাড়িতে নিয়ে আসে। যাত্রীপ্রতি মাথাপিছু দুই হাজার টাকা করে দেওয়ার প্রলোভন দেখায়। কিন্তু তাঁর মা রাজি না হয়ে এ ঘটনা পুলিশকে জানিয়ে দেবে বললে মৌলভী আলী আহমদ তাঁদের দেখে নেওয়ার হুমকি দেয়। কিছুক্ষণ পর আলী আহমদের নেতৃত্বে কয়েকজন বাড়িতে এসে হামলা চালায়। এতে মাসহ তাঁরা দুই বোন আহত হন। পরে স্থানীয় লোকজন রশিদাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। গতকাল সন্ধ্যায় তাঁর মায়ের মৃত্যু হয়।