টেকনাফে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ৪০ হাজার ইয়াবা, দুটি এলজি ও ১০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়া সৈকতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. ছিদ্দিক (৩০)। তিনি সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার লাল মিয়ার ছেলে।
প্রথম আলোকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকারের দেওয়া তথ্যমতে, টেকনাফ সমুদ্রসৈকত এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান আসছে বলে তথ্যের ভিত্তিতে গতকাল রাত আটটার দিকে পুলিশের একটি দল মহেষখালীয়াপাড়া সৈকত এলাকায় অবস্থান নেয়। এ সময় সৈকতে তিন ব্যক্তির গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। তাঁদের থামতে সংকেত দিলে তাঁরা পালানোর চেষ্টা করেন। তখন ধাওয়া করে ছিদ্দিককে ধরা হলে তাঁর হাতে থাকা একটি ব্যাগ থেকে ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। এরপর ছিদ্দিকের শরীরে তল্লাশি করে কোমরে গামছা মোড়ানো অবস্থায় দুটি দেশীয় এলজি ও ১০টি গুলি উদ্ধার করা হয়।
ওসি আতাউরের ভাষ্য, ঘটনাস্থলে থাকা অন্য দুই ব্যক্তি পালিয়ে গেছেন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা। রাতে ছিদ্দিকের বিরুদ্ধে ইয়াবা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা হয়েছে।