টেকনাফে ইয়াবাসহ আটক ২
কক্সবাজারের টেকনাফ উপজেলায় গতকাল শনিবার রাতে পৃথক অভিযানে ৫০ হাজার ৬০০ ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন আবুল বশর ওরফে মগু (৪০) ও আবদুল মালেক (৪৫)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, গতকাল শনিবার রাত নয়টার দিকে টেকনাফ পৌরসভার আবহাওয়া অফিস-সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় নয় হাজার ইয়াবা বড়িসহ আবুল বশরকে আটক করা হয়। ওসি আরও জানান, বাহারছড়া পুলিশ ফাঁড়ির আরেকটি দল গতকাল রাতে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরার গর্জন বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় এক হাজার ৬০০ ইয়াবা বড়িসহ আবদুল মালেককে আটক করা হয়। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে।
এদিকে, টেকনাফে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ বলেন, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া-সংলগ্ন নাফ নদীর বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান আনা হবে বলে গোপন সংবাদ পায় বিজিবি। এ সংবাদের ভিত্তিতে গতকাল রাত একটার দিকে বিজিবি অভিযান চালায়। এ সময় একটি নৌকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তিনি জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় নৌকাটিকে জব্দ করা হয়েছে । তবে কাউকে আটক করা যায়নি।