টেকনাফে ইয়াবা পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে সাড়ে ছয় লাখ ইয়াবা বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে একটি অভিযানে ইয়াবা পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ এক ব্যক্তিসহ তিনজনকে আটক করেছে বিজিবি।
গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া-সংলগ্ন নাফ নদীতে একটি নৌকায় অভিযান চালিয়ে দেড় লাখ ইয়াবা বড়ি জব্দ করে বিজিবি। অভিযানে বিজিবির তিন সদস্য এবং একজন পাচারকারী আহত হয়েছেন বলে জানান টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ। তিনি বলেন, এই অভিযানে তিনজন পাচারকারীকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মো. ইউনুচ (৪৫), নুরুল হক (৩০) ও মো. আনোয়ার (২৭)। তাঁদের বাড়ি মিয়ানমারের মংডু শহরের সুধাপাড়া গ্রামে। তাঁদের মধ্যে গুলিতে আহত হয়েছেন ইউনুচ।
এ ছাড়া গত রোববার দিবাগত রাত তিনটার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নসংলগ্ন নাফ নদী জালিয়ার দ্বীপ থেকে পাঁচ লাখ ইয়াবা বড়ি জব্দ করা হয়।
এর আগে রোববার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকা থেকে ৯ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি জব্দ করে বিজিবি।
বিজিবি জানায়, নাইট্যংপাড়ার অভিযানে পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হন। পরে বিজিবির সদস্যরা নৌকার কাছে যান। এ সময় পাচারকারীদের সঙ্গে বিজিবির সদস্যদের ধস্তাধস্তি হয়। পাচারকারীরা নৌকার বইঠা দিয়ে আঘাত করলে আহত হন হাবিলদার মো. আশরাফুল ইসলাম, ল্যান্স নায়েক জাহিরুল ইসলাম, সিপাহি মো. শামীম ও মাঝি (বিজিবির ট্রলারের) মো. শুক্কুর। তাঁদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিটু চন্দ্র শীল প্রথম আলোকে বলেন, বিজিবির সদস্য আশরাফুলের বাঁ হাতের কবজি ভেঙে গেছে। জাহিরুল ও শামীমের বাঁ হাতে গুরুতর জখম হয়েছে। মাঝি শুক্কুরের হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। গুলিবিদ্ধ রোহিঙ্গা মো. ইউনুচের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে তাঁকে পাঠানো হয়েছে।
এদিকে রোববার দিবাগত রাত তিনটার দিকে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল জালিয়ার দ্বীপ প্যারাবনে অবস্থান নেয়। এ সময় কয়েকজন লোক মাথায় বস্তা নিয়ে নদীর দিকে আসছিল। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনটি বস্তা ফেলে দ্রুত দৌড়ে কেওড়াবাগানের ভেতরে পালিয়ে যায়। পরে তিনটি বস্তায় পাঁচ লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়।