টেকনাফে ইয়াবা বড়ি ও উখিয়ায় মদ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের একটি আবাসিক হোটেলে গতকাল বৃহস্পতিবার দুপুরে ইয়াবা বেচাকেনার সময় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় ১০ হাজার ইয়াবা বড়িও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুতুবদিয়ার লেমছিখালীর করিম উল্লাহ ও টেকনাফের উত্তর লম্বরীর মোহাম্মদ হামিদ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, টেকনাফ পৌরসভার মিলকী রিসোর্টে ইয়াবা বড়ি বেচাকেনা করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. কবির হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় হোটেলের ২০৪ নম্বর কক্ষ থেকে ইয়াবা বড়িসহ দুজনকে আটক করা হয়। তাঁদের কাছে ৯ হাজার ৮০০ ইয়াবা বড়ি পাওয়া যায়।
উখিয়ায় আটক ৩: কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্চ্যা ও তুলাতলি এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিদেশি ১৩২ বোতল মদ এবং ৪ হাজার ৫১৭টি জন্মবিরতিকরণ বড়ি উদ্ধার করেছে বিজিবি। এসব ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল সাতটা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন উখিয়ার জালিয়াপালংয়ের আনিসুর রহমান, হলদিয়াপালংয়ের মো. সোনা আলম ও রামুর নুরুল কবির।
কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, বুধবার রাতে উখিয়ার মরিচ্চ্যা বিজিবির তল্লাশিচৌকির সদস্যরা একটি অটোরিকশা থেকে ১৩২ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করে। অটোরিকশাটিও জব্দ করা হয়। গতকাল সকালে উখিয়ার তুলাতুলি এলাকা দিয়ে মিয়ানমারে পাচারকালে ৪ হাজার ৫১৭টি জন্মবিরতিকরণ বড়ি উদ্ধার করা হয়।