টেকনাফে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদ হোসেনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ছবি: প্রথম আলো
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদ হোসেনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ছবি: প্রথম আলো

ইয়াবার চালান মজুত রাখায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান জাহিদ হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হোয়াইক্যং ইউপির ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। শনিবার বিকেল পাঁচটার দিকে টেকনাফ বাস স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, জাহিদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা গডফাদার। মন্ত্রণালয়ের করা ৭৩ ইয়াবা গডফাদারের তালিকায় তাঁর নাম ৬১ নম্বরে আছে। গ্রেপ্তারের উদ্দেশ্যে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেষখালীয়াপাড়ায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা ও নগদ ২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

তথ্যটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে জাহিদ হোসেনের বাড়িতে ইয়াবার একটি চালান মজুত করা হয়েছে। শনিবার বিকেলে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা ও নগদ ২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। কিন্তু জাহিদকে গ্রেপ্তার করা যায়নি। পরে বিকেল পাঁচটার দিকে টেকনাফ বাস স্টেশন এলাকা থেকে জাহিদকে গ্রেপ্তার করা হয়। এই টাকা তিনি পুলিশের নাম ভাঙিয়ে এক আসামির কাছ থেকে আদায় করেছেন।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, জাহিদের বিরুদ্ধে ইয়াবা ও পুলিশের নাম ভাঙিয়ে টাকা আদায়ের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রোববার তাঁকে আদালতে পাঠানো হবে।