টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারের ৯ নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় গতকাল বুধবার ভোরে ইয়াবা বড়িসহ মিয়ানমারের নয়জন নাগরিককে আটক করেছে বিজিবি।
২ বিজিবি ব্যাটালিয়নের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহিল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনাফ পৌরসভার হেচ্ছারখাল-সংলগ্ন নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে আসবে—এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ভোর সাড়ে চারটার দিকে বেড়িবাঁধে অবস্থান নেয়। পাঁচটার দিকে বিজিবির সদস্যরা একটি নৌকাকে থামতে বললে এর আরোহীরা পালানোর চেষ্টা করেন। ওই সময় মিয়ানমারের নয়জন ও বাংলাদেশের পাঁচজন নাগরিককে আটক করা হয়। তবে দুজন পালিয়ে যান। পরে আটক ব্যক্তিদের শরীর তল্লাশি করে ১২ হাজার ৯৭৩ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, ওই নৌকা ছাড়াও নয়টি মুঠোফোন সেট, দুটি ঘড়ি ও ৪ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, ইয়াবাসহ আটক ব্যক্তিদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আজ আদালতে হাজির করা হবে।