টেকনাফে ইয়াবাসহ স্থানীয় সংবাদকর্মী আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের শিকদারপাড়া এলাকা থেকে আজ শুক্রবার ১৫ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া ব্যক্তি কক্সবাজার থেকে প্রকাশিত স্থানীয় একটি দৈনিকের সংবাদকর্মী বলে পুলিশ জানিয়েছে।
আটক হওয়া ব্যক্তির নাম আল মাসুদ (৩০)। তিনি নীলা ইউনিয়নের পানখালী এলাকার মফিজুর রহমানের ছেলে। কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সমুদ্র বার্তা পত্রিকার নীলা প্রতিনিধি তিনি।
প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তার হোসেন। তাঁর ভাষ্য, ইয়াবার একটি চালান হাতবদল হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল শিকদারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে তল্লাশি করলে ১৫ হাজার ইয়াবা উদ্ধার হয়। উদ্ধার হওয়া ইয়াবাসহ তাঁকে আটক করা হয়েছে।
ওসির ভাষ্য, সংবাদকর্মী পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন মাসুদ।