টেকনাফে উপজেলা চেয়ারম্যানের ছেলে অপহৃত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদের ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ (৩০) অপহৃত হয়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার।

জাফর আহমদ জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ায় বাড়ির সামনে থেকে অস্ত্রের মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক পরিচয় দিয়ে তাঁর বড় ছেলে মোস্তাককে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাতে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ পুকুর-সংলগ্ন এলাকায় দুটি গাড়ি অবস্থান করছিল। এর কিছুক্ষণ পরে ওই গাড়ি থেকে পাঁচজন লোক নেমে জাফর চেয়ারম্যানের বাড়ির সামনে যায়। এ সময় মোস্তাক বাড়ি থেকে বের হয়ে একটি চেয়ারে বসলে প্রথমে দুজন লোক তার দিকে ছুটে এসে মাথায় অস্ত্র ধরে। এ সময় তিনি চিৎকার করলে আরও তিনজন অস্ত্রধারী এসে তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে টেকনাফ বাসস্টেশন হয়ে কক্সবাজারের দিকে চলে যায়।

এই খবর ছড়িয়ে পড়লে যুবলীগ ও স্থানীয় লোকজন বাসস্টেশন এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। কিছুক্ষণ পরে এলাকায় মাইকিং করে আজ বুধবার টেকনাফে কোনো দোকানপাট খুলবে না এবং সব ধরনের যানবাহন চলবে না বলে ঘোষণা দেওয়া হয়।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, মোস্তাককে তুলে নিয়ে যাওয়ার খবরে বাসস্টেশন এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবস্থান করছে। কে বা কারা তাঁকে তুলে নিয়েছে, সে ব্যাপারে কোনো সংস্থা কিছুই জানায়নি।