টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আজ মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আলাদা দুটি অভিযানে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এ সময় একজন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল আজ সকাল সাড়ে আটটার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া খাল-সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ইঞ্জিনচালিত একটি নৌকাকে থামার সংকেত দেন বিজিবির সদস্যরা। কিন্তু সংকেত উপেক্ষা করে নৌকায় থাকা তিন-চারজন লোক খালে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ৯০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায় এবং নৌকাটি জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার হেচ্ছারখাল-সংলগ্ন এলাকায় নাফ নদীর তীরে টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় সন্দেহ হওয়ায় এক ব্যক্তিকে তল্লাশি চালানো হয়। তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ পাওয়া যায়। ওই ব্যক্তির নাম সিরাজ উল্লাহ (২৮)। তিনি মিয়ানমারের মংডু শহরের সুধাপাড়ার বাসিন্দা।

৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে জানান, আলাদা দুটি ঘটনায় উদ্ধার হওয়া ইয়াবা বড়ি ও নৌকার আনুমানিক মূল্য তিন কোটি চার লাখ টাকা। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।