টেকনাফে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীর ভাসমান ড্রাম থেকে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পলায়নপর একটি নৌকার যাত্রীদের সঙ্গে বিজিবির জওয়ানদের গুলিবিনিময় হয়। আজ শনিবার ভোররাত তিনটার দিকে শাহপরীর দ্বীপ গোলারচরে এ ঘটনা ঘটে। কাউকে আটক করা যায়নি।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের ভাষ্য, মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা বড়ির একটি বড় চালান আসার তথ্য পেয়ে তাঁর নেতৃত্বে বিজিবির একটি দল রাত আড়াইটার দিকে শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি নৌকা দেখে সন্দেহ হলে তারা থামার সংকেত দেয়। কিন্তু নৌকাটি না থামিয়ে যাত্রীরা এটি নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করলে বিজিবিকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। বিজিবিও আত্মরক্ষার্থে দুটি গুলি ছোড়ে। একপর্যায়ে নৌকা থেকে একটি ড্রাম নদীতে ফেলে দেওয়া হয়। পরে নৌকাটি মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। পরে ভাসমান ড্রামটি উদ্ধার করলে সেখানে পলিথিনে মোড়ানো এক লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।
লে. কর্নেল আবু জার আল জাহিদের ভাষ্যমতে, উদ্ধার করা ইয়াবা বড়ির আনুমানিক মূল্য তিন কোটি টাকা। তিনি বলেন, ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।