টেকনাফে এক লাখ ইয়াবা বড়ি জব্দ
কক্সবাজারের টেকনাফের জলিলের দিয়া থেকে আজ শনিবার সকালে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে পাচার হবে—এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদের নেতৃত্বে দমদমিয়ার সীমান্ত ফাঁড়ির বিশেষ একটি দল জলিলের দিয়া এলাকায় আজ সকালে অবস্থান নেয়। সকাল ১০টার দিকে এক ব্যক্তির হাতে দুটি ব্যাগ দেখতে পেয়ে তাঁকে ধাওয়া করা হয়। পরে ওই লোক ব্যাগ দুটি ফেলে সাঁতরে নাফ নদীর মিয়ানমার জলসীমানা পার হয়ে যান। তাই তাঁকে আটক করা সম্ভব হয়নি। পরে ওই ব্যাগ দুটি থেকে এক লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, জব্দ করা ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এগুলোর মূল্যে প্রায় তিন কোটি টাকা।