টেকনাফে কথিত এক সাংবাদিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কথিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খানকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে টেকনাফ পৌরসভার টিঅ্যান্ডটি রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফরিদুল মোস্তফার বাড়ি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাত ঘরিয়াপাড়ায়।
পুলিশ সূত্র জানায়, ২০১৫ সালের সেপ্টেম্বরে দৈনিক সমকাল-এর জেলা প্রতিনিধি পরিচয় দিয়ে টেকনাফ থানার মেস পরিচালনাকারী কনস্টেবল মো. মামুন হোসেনের কাছে মাসে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন ফরিদুল মোস্তফা। এরপর আরও বেশ কয়েকবার মুঠোফোনে চাঁদা দাবির পাশাপাশি মামুনকে হুমকি দেওয়া হয়। পরে ফরিদুল মোস্তফার কথা মুঠোফোনে রেকর্ড করে থানায় চাঁদাবাজির মামলা করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ জানান, ফরিদুল মোস্তফাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।