টেকনাফে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গত শুক্রবার বেলা তিনটার দিকে ৯৫টি আকাশমণি গাছ কাটাকে কেন্দ্র করে সালিস বৈঠকে মো. শামসুল আলম (৪৬) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়াপাড়া গ্রামের মৃত ফজল করিমের ছেলে ও টেকনাফ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। 
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার সকালে স্থানীয় গোলাম সুলতানের ছেলে আবদুল মালেক, জালাল আহমদ ও মহিউদ্দিনের নেতৃত্বে পশ্চিম মহেষখালীয়াপাড়া মসজিদের পার্শ্ববর্তী জমি থেকে ৯৫টি আকাশমণি গাছ কেটে ফেলা হয়। গাছ কাটার বিষয়টি উপজেলা আওয়ামী লীগের নেতা ফিরোজ আহমদ চৌধুরীকে অবহিত করলে বিকেলে সালিস-বৈঠকের আয়োজন করা হয়। আট-দশ বছর আগে শামসুল আলম তাঁর দাদার জমিতে ওই গাছগুলো রোপণ করেছিলেন। শামসুল আলম ও চাচা গোলাম সুলতানের সঙ্গে র্দীঘদিন ধরে জমি নিয়ে শামসুল আলমের বিরোধ চলে আসছে।
পরে বিকেলে সালিসে বসলে আচমকা গোলাম সুলতানের ছেলে আবদুল মালেক, জালাল আহমদ ও মহিউদ্দিনসহ আরও কয়েকজন শামসুল আলমের ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। পরে তাঁকে কক্সবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা বলেন। কিন্তু পথেই গাড়িতে থাকা অবস্থায় তিনি মারা যান।
উখিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক নবী হোসাইন বলেন, ‘শামসুল আলমকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমিসহ কয়েকজন তাঁকে উদ্ধার করি। হাসপাতালে নেওয়ার পথে কয়েকবার বমি হয়েছে। পরে রাত নয়টার দিকে চট্টগ্রাম নেওয়ার সময় ঈদগাহ নামক এলাকায় পৌঁছালে তিনি মারা যান।’
উপজেলা আওয়ামী লীগের নেতা ফিরোজ আহমদ চৌধুরী মুঠোফোনে জানান, র্দীঘদিন ধরে তাঁদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষের সম্মতিতে জমির পরিমাপ ও গাছের মালিকানা শেষ করা হয়েছে। স্থানীয়ভাবে রায় দেওয়ার আগে শামসুল আলমের রোপণ করা ৯৫টি আকাশমণি গাছ কেটে ফেলায় ঘটনাটি ঘটেছে। সালিস চলাকালে তাঁর প্রতিপক্ষের লোকজন শামসুল আলমকে পিটিয়ে আহত করে এবং পরে তিনি মারা যান।
নিহত শামসুলের শ্যালক মো. আরাফাত বলেন, ‘সালিস বৈঠকে আমার দুলাভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা তাদের পূর্বপরিকল্পনা। এ ব্যাপারে লাশ দাফনের পর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। শুনেছি, শুক্রবার বিকেলে সালিস বৈঠকে সংঘর্ষে আহত হওয়ায় চিকিৎসা দেওয়ার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে শামসুল আলম মারা যান।’