টেকনাফে কানাডার নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে মিয়ানমার যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ থেকে আজ বুধবার সকালে ডোনাল্ড ফ্রান্সিস ডানভার (৬২) নামের কানাডার এক নাগরিককে দুটি পাসপোর্টসহ আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে সন্ধ্যার দিকে তাঁকে টেকনাফ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে দমদমিয়া তল্লাশিচৌকির জওয়ানেরা কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মাইক্রোবাস থেকে একজন বিদেশি নাগরিককে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে কানাডার ওই নাগরিক ডোনাল্ড ফ্রান্সিস ডানভারকে বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে ডোনাল্ড ফ্রান্সিস ও মাইক্রোবাসের চালক স্বীকার করেন, মিয়ানমার যাওয়ার জন্য তাঁরা টেকনাফ যাচ্ছিলেন। এ সময় ডোনাল্ড ফ্রান্সিসের কাছ থেকে কানাডা ও অস্ট্রেলিয়ার দুটি পাসপোর্ট ও ৪৭টি বিভিন্ন ধরনের আইডি কার্ডসহ অন্য কাগজপত্র উদ্ধার করা হয়। আজ সন্ধ্যার দিকে ডোনাল্ড ফ্রান্সিসকে টেকনাফ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে মাইক্রোবাসের চালককে ছেড়ে দেওয়া হয়েছে।
আবুজার আল জাহিদ বলেন, আটক ডোনাল্ড ফ্রান্সিস নিজেকে পর্যটক বলে দাবি করেছেন। তবে অবৈধভাবে ভিন্ন দেশীয় নাগরিক মিয়ানমার যাওয়ার চেষ্টা করায় তাঁকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, বিজিবি একজন বিদেশি নাগরিককে থানায় সোপর্দ করেছে। তাঁর পাসপোর্ট ও কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।