টেকনাফে কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় এক কোটি টাকা মূল্যের ১ একর ৬০ শতক সরকারি খাসজমি অবৈধ দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল ও শীলখালী মৌজায় সরকারি খাস খতিয়ানভুক্ত ১ একর ৬০ শতক সরকারি খাসজমি দুটি দখলমুক্ত করতে অভিযান চালানো হয়।
জমি দুটি অবৈধভাবে দখল করে আসছিল কক্সবাজার সদরের জালালাবাদ ইউনিয়নের স্থানীয় বাসিন্দা নুরুল আলম ও অন্যটি কক্স টু ডে নামে একটি প্রতিষ্ঠান।
উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় সূত্র জানায়, টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক-সংলগ্ন উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত বিএস ২৭০ দাগে ৬০ শতক জমি রয়েছে। সেগুলো অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করছিলেন কক্সবাজার সদরের জালালবাদের নুরুল আলম।
আজকের অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা। অভিযানে উপস্থিত ছিলেন বাহারছড়ার তহশিলদার আবদুল জব্বার, জমি পরিমাপকারী (সার্ভেয়ার) মো. দেলোয়ার প্রমুখ।
জালালাবাদ ইউনিয়নের শীলখালী মৌজার ১ নম্বর খাস খতিয়ানের বিএস ৩১০৬ দাগের এক একর (আড়াই কানি) জমি রয়েছে। ওই জমিটি তার কাঁটাতারের বেড়া দিয়ে অবৈধভাবে দখলে নিয়ে কক্স টু ডে নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে নিয়ে স্থানীয় কয়েকজনকে জমিটি বর্গা দিয়ে লবণ চাষ করানো হচ্ছিল।
তবে বড় ডেইল মৌজার ৬০ শতক জমির ক্রয় সূত্রে মালিকানা দাবি করেন নুরুল আলম। তিনি বলেন, ‘২০১২ সালে বাহারছড়া স্থানীয় বাসিন্দা কাদির হোসেনের কাছ থেকে জমিটি বন্দোবস্ত মূলে প্রতি কানি ১২ লাখ টাকা করে ক্রয় করি। এরপর থেকে দখলে রয়েছি। কিন্তু হঠাৎ করে আজ সরকারি জমি বলে স্থাপনা নির্মাণ বন্ধ করে দিয়ে লাল পতাকা পুঁতে দিয়েছে উপজেলা প্রশাসন।’
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা প্রথম আলোকে বলেন, টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক-সংলগ্ন বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল ও শীলখালী মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমির মালিক জেলা প্রশাসন। এ জমিতে অনুমতি ছাড়া কিছু নির্মাণ ও স্থাপনা তৈরি করা অবৈধ ছিল। তাই জমি দুটি অবৈধ দখলমুক্ত করে লাল পতাকা পুঁতে দেওয়া হয়েছে এবং জমি দুটি এখন থেকে দেখভাল করবে ইউনিয়ন ভূমি কার্যালয়।