টেকনাফে কোটি টাকার ইয়াবা ফেলে পালালেন পাচারকারী
মিয়ানমার থেকে পাচারকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ধাওয়া খেয়ে বিপুলসংখ্যক ইয়াবা রেখে পালালেন পাচারকারী। পরে বিজিবির সদস্যরা ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেন, যার দাম ১ কোটি ৮০ লাখ টাকা বলে বিজিবি জানায়।
গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকা থেকে ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
বিজিবির এই কর্মকর্তা বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা খারাংখালী এলাকায় অবস্থান নেন। এক ব্যক্তি একটি বস্তা কাঁধে নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করে লবণ মাঠ দিয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে বস্তাটি জব্দ করা হয়। ওই বস্তার ভেতর থেকে ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।