টেকনাফে কোটি টাকার ইয়াবা বড়ি উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার সাবরাং ইউনিয়ন থেকে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, উপজেলার সাবরাং ইউনিয়নের আলীর ডেইল থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে টেকনাফের দিকে ইয়াবার চালান যাচ্ছে—এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি দল সকালে সাবরাং-টেকনাফ সড়কে অবস্থান নেয়। বিজিবির সদস্যরা একটি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালক ও আরেকজন অটোরিকশা ফেলে পালিয়ে যান। তখন অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি, তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক।