টেকনাফে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় গণপিটুনির শিকার নুরুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তি গতকাল বৃহস্পতিবার হাসপাতালে মারা গেছেন।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় একটি ফুটবল খেলা চলছিল। এ সময় স্থানীয় নুরুল ইসলামের সঙ্গে একই এলাকার এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। এরপর তিনি (নুরুল) সেখান থেকে চলে যান। এর কিছুক্ষণ পরে নুরুল ইসলাম অস্ত্রশস্ত্র নিয়ে এসে কয়েকটি গুলি করেন। এ সময় লোকজন তাঁকে ধরে গণপিটুনি দিয়ে আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে একটি এলজিসহ নুরুলকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, পুলিশি পাহারায় নুরুল ইসলামকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওসি আরও বলেন, নুরুলের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
নিহত নুরুলের ছোট ভাই সাদ্দাম হোসেনের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এক ব্যক্তি তাঁর বড় ভাইকে মারধর করে অস্ত্রসহ আটকের নাটক সাজিয়ে পুলিশের হাতে তুলে দেন।