টেকনাফে গুলিবিদ্ধ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাতসর্দার আবু বক্করকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার বাহারছড়া এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে বাহারছড়া ইউনিয়নের বাইন্ন্যারছড়ার পুরাতনপাড়ার আমির হামজাঘোনায় পাহাড়ি এলাকায় গোলাগুলির শব্দ শুনে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি দল রাতে ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা কয়েকটি ফাঁকা গুলি করে গহিন পাহাড়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে জঙ্গলের ভেতর থেকে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আবু বক্কর নামে একজনকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি, পাঁচটি গুলি উদ্ধার করা হয়। বক্কর বাহারছাড়ার উত্তর শীলখালীর মোহাম্মদ আলীর ছেলে।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির টাকা বা মালামাল নিয়ে ভাগ-বাঁটোয়ারায় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হতে পারে। গুলিবিদ্ধ এক ডাকাতকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। তাঁকে পুলিশি পাহারায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, আবু বক্কর পুলিশের তালিকাভুক্ত ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।