টেকনাফে গৃহবধু হত্যার অভিযোগ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে সালমা আক্তার (২১) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে পুলিশ ওই গৃহবধুর লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, ২০১৪ সালে সালমা আক্তারের সঙ্গে হোয়াইক্যং বালুখালীর আলী আহমদের বিয়ে হয়। আজ সকালে পাশের বাড়ির লোকজন সালমার শ্বশুড়বাড়ির কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই বাড়ি থেকে সালমার লাশটি উদ্ধার করে। লাশটি গলায় ওড়না পেঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল। তখন সালমার শ্বশুরবাড়ির কোন লোকজনকে পাওয়া যায়নি।
নিহতের বাবা কবির আহমদ অভিযোগ করেন, বিয়ের পর পাঁচ লাখ টাকার যৌতুক দাবি করে প্রায় সময় শ্বশুরবাড়ির লোকজন সালমার উপর নির্যাতন ও মারধর করতেন। যৌতুকের জন্য সালমাকে হত্যা করেছে।
এ বিষয়ে সালমার স্বামী আলী আহমদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, সালমার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সালমার শ্বশুড়বাড়ির লোকজন পলাতক। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।