টেকনাফে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের টাকা না পেয়ে কক্সবাজারের টেকনাফে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামে স্বামীর বাড়ি থেকে সালমা আক্তারের (২১) লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সালমা উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়ার কবির আহমদের মেয়ে।
কবির আহমদ বলেন, ২০১৪ সালে সালমার সঙ্গে বালুখালীর আলী আহমদ ওরফে কালা মিয়ার বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে সালমাকে নির্যাতন ও মারধর করে আসছিল। তিনি দাবি করেন, নির্যাতন করে তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে আলী আহমদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।