টেকনাফে চলছেই শামুক-ঝিনুক নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফ উপকূলের বিভিন্ন এলাকার ঝাউবাগান ও জঙ্গলে নিধন করা শামুক–ঝিনুক এভাবেই স্তূপ করা হয়েছে। ছবিটি টেকনাফের হাবিরছড়া থেকে তোলা l প্রথম আলো
টেকনাফ উপকূলের বিভিন্ন এলাকার ঝাউবাগান ও জঙ্গলে নিধন করা শামুক–ঝিনুক এভাবেই স্তূপ করা হয়েছে। ছবিটি টেকনাফের হাবিরছড়া থেকে তোলা l প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ উপজেলার কয়েকটি স্থানে অবাধে শামুক-ঝিনুক নিধন করা হচ্ছে। ওই স্থানগুলোর ৩০০ থেকে ৪০০ দরিদ্র পরিবার শামুক কুড়িয়ে ব্যাপারীদের কাছে বিক্রি করে। এতে জীববৈচিত্র ও পরিবেশ হুমকির মুখে পড়েছে।
টেকনাফ ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল জানান, শামুক-ঝিনুক নিধনের কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এবং জমির উর্বরতা শক্তি কমে যায়। সব মিলিয়ে এতে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে উপকূল ও জলাভূমির জীববৈচিত্র্য রক্ষায় কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার উপকূলীয় এলাকাকে সংকটাপন্ন ঘোষণা করে এসব এলাকা থেকে শামুক, ঝিনুক নিধন বা উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। কিন্তু এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চক্র শামুক-ঝিনুক নিধন অব্যাহত রেখেছে।
সরেজমিনে দেখা গেছে, শামুক-ঝিনুক আহরণের পর উপকূলে অন্তত অর্ধশতাধিক এলাকার ঝাউবাগান ও জঙ্গলে বড় বড় স্তূপ করে রাখা হয়েছে।
হাবিরছড়া গ্রামের আবদুল করিম বলেন, ‘শীতের শুরু ও বর্ষা মৌসুমে শামুক-ঝিনুক বেশি পাওয়া যায়। এখন কোনো কাজ নেই, তাই শামুক-ঝিনুক টোকাই। শামুক-ঝিনুক টোকানোর জন্য অ্যালুমিনিয়ামের গাবলা লাগে, আর আবার অনেকে সৈকতের হাঁটুপানিতে ভিজে শামুক-ঝিনুক টোকায়।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শামুক-ঝিনুক ব্যবসায়ী বলেন, ‘আমরা আড়তদারের কাজ করি। বস্তাপ্রতি ৫০০-৬০০ টাকা দেওয়া হয়। শামুক-ঝিনুকের তৈরি গয়না, শোপিসের পাশাপাশি চুন, চিংড়ি ও মুরগির খাবার হিসেবে ব্যবহৃত হয়। অনেকে আমাদের কাছ থেকে শামুক-ঝিনুক কুড়ানোর জন্য দাদন (আগাম টাকা) নেয়।’
পরিবেশবাদী সংগঠন বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের জেলা সভাপতি দীপক শর্মা বলেন, ‘শামুক আমাদের পরিবেশ রক্ষার একটি উপাদান। কিন্তু আমাদের দেশের লোকজন অর্থের লোভে তা নিধন করে যাচ্ছে। শামুক-ঝিনুক নিধনের ঘটনা পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে।’
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম জানান, শামুক-ঝিনুক নিধনের কারণে মাটি, ফসল ও সৈকতের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো কাজ করা ঠিক নয়। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখনই প্রয়োজন।
টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবাধে শামুক-ঝিনুক নিধন করার কথা স্বীকার করে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, লোকবল কম থাকায় অভিযান চালানো সম্ভব হচ্ছে না। তার পরও কিছুদিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে অভিযান চালানো হবে।