টেকনাফে চার শতাধিক গাছ কেটে সাবাড়
কক্সবাজারের টেকনাফে গত বুধবার রাত আনুমানিক একটার দিকে চার শতাধিক গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজীপাড়া এলাকায়।
এলাকাবাসী সূত্র জানায়, হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজীপাড়া এলাকার বাসিন্দা মৃত তমিজুর রহমানের ছেলে আমির হোসাইন ২০০৬ সালে চার একর জমিতে আকাশমণি, গামারি, মেহগনি, আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। বুধবার রাতে ওই বাগানের চার শতাধিক গাছ কেটে অর্ধেক নিয়ে গেছে দুর্বৃত্তরা। গাছগুলোর বয়স প্রায় আট বছর।
বাগানমালিক আমির হোসাইন অভিযোগ করে বলেন, একই এলাকার বাসিন্দা মৃত মো. ইসলাম মাস্টারের ছেলে রশিদ আহমদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে, বাগানের গাছগুলো রাতের আঁধারে কেটে সাবাড় করা হয়েছে। কিছুদিন ধরে রশিদ আহমদের লোকজন দিয়ে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অপারগতা জানালে তারা গাছ কেটে ফেলে।
জানতে চাইলে রশিদ আহমদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে মামলা দিয়ে হয়রানি করার জন্য এ অভিযোগ আনা হয়েছে।’ কিন্তু আমির হোসাইনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল বলে তিনি নিশ্চিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হ্নীলা ইউপির সদস্য শফিক আহমদ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। গাছগুলোর কী দোষ ছিল। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা খুবই জরুরি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম প্রথম আলোকে জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।