কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে সাড়ে ১৬ হাজার ইয়াবা ও একটি পিস্তলসহ তিন যুবক ও এক তরুণীকে আটক করেছে বিজিবি ও পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে বিজিবির একটি দল টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়াপাড়ার একটি কাঠের দোকানে অভিযান চালায়। এ সময় চার হাজার ৪৮১ ইয়াবা বড়ি ও পিস্তলসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন টেকনাফ সদরের মো. হারুন, মো. নূর হোসেন ও মো. ফরিদ আলম।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল ছয়টার দিকে টেকনাফ সদরের কচুবনিয়া এলাকা থেকে এক তরুণীকে তিন হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পুলিশের একটি দল টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকায় সকাল নয়টার দিকে একটি অটোরিকশায় (টমটম) তল্লাশি চালিয়ে নয় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া তরুণীর বিরুদ্ধে মামলা হয়েছে।