টেকনাফে ছাত্র শিবিরের জেলা সেক্রেটারিসহ ১২ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের একটি মসজিদে ‘গোপন বৈঠক’ চলাকালে ছাত্রশিবিরের ১২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের কোনাপাড়ায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে লিফলেট, মোবাইল ফোন ও ব্যাংকের চেকবই উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বিকেলে মৌলভীবাজারের কোনাপাড়া মসজিদে ছাত্রশিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মী একটি ‘গোপন বৈঠক’ করছেন—এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিমের নেতৃত্বে পুলিশ মসজিদটি ঘিরে ফেলে। পরে সেখানে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের ১২ নেতা-কর্মীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ধারণা হচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য ওই বৈঠক চলছিল। তবে বৈঠকের বিষয়ে পুলিশ কিছু বলতে রাজি হয়নি।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার বাসিন্দা ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রবিউল আলম (২৪), রঙ্গিখালী এলাকার বাসিন্দা ও উপজেলা শিবিরের সভাপতি সাদ্দাম হোসেন (২২) শিবিরের কর্মী মনিরুল মোস্তফা (২০), মোহাম্মদ সরোয়ার (২০), নুরুল আলম (১৯), মোহাম্মদ ইউছুফ (১৯), ওয়াহেদুল ইসলাম (১৯), আবদুর রহমান (১৮), আবদুর রহিম (১৮), ইমতিয়াজ উদ্দিন (১৭), একই ইউনিয়নের আলী আকবরপাড়ার নুরুল আজিজ (২০) ও নাছির উদ্দিন (২৪)।

এসআই আবদুর রহিম বলেন, মসজিদের ভেতর থেকে ওই ব্যক্তিদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে কিছু লিফলেট, মোবাইল ফোন ও ব্যাংকের চেকবই উদ্ধার করা হয়েছে।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) শেখ আশরাফুল জামান রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গোপন বৈঠক চলাকালে সন্দেহভাজন ১২ জনকে মসজিদের ভেতর থেকে আটক করা হয়েছে। তাঁরা ছাত্রশিবিরের নেতা–কর্মী। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।