টেকনাফে ছুরিকাঘাতে দোকানিকে হত্যা
কক্সবাজারের টেকনাফে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক মুদি দোকানি নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে উপজেলার হোয়াইক্যং মিনাবাজার এলাকায় তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
নিহত আবু তাহের হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মোরাপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর ছোট ভাই আবু ছৈয়দ বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। চট্টগ্রামের সাতকানিয়ায় তাঁদের বাড়ি। তাঁর ভাই কয়েক বছর আগে টেকনাফে বিয়ে করেন। তিনি বিয়ের পর থেকে স্ত্রী-সন্তান নিয়ে টেকনাফেই থাকতেন।
স্ত্রী রাবিয়া খাতুন বলেন, কয়েক দিন আগে তাঁর স্বামীর সঙ্গে এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়েছিল। তখন তাঁর স্বামীকে হত্যার হুমকি দেন ওই ব্যক্তি। তাঁর ধারণা, ওই ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত।
টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাশ প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাটি শুনেছেন। নিহত ব্যক্তির পরিবার মামলা করবে বলে পুলিশকে জানিয়েছে। কারা এ ঘটনায় জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।