টেকনাফে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১
কক্সবাজারের টেকনাফে মার্বেল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ডেইলপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
নিহত সজল শর্মা (১৮) পশ্চিম ডেইলপাড়ার সোনা শর্মার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ডেইলপাড়ায় সজল শর্মা ও একই এলাকার ইলিয়াছ ওরফে বার্মাইয়া ইলিয়াছের ছেলে আবদুর রাজ্জাক মার্বেল খেলছিলেন। খেলার একপর্যাপ্ত তাঁদের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি মিটমাট করে দেন। এ ঘটনার কিছুক্ষণ পরে সজল শর্মার বাড়িতে গিয়ে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান আবদুর রাজ্জাক। গুরুতর আহত অবস্থায় সজলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় সজলের বড় ভাই মিথুন শর্মা বাদী হয়ে রাতেই রাজ্জাকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।