টেকনাফে তালিকাভুক্ত ইয়াবা ও মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা ও মানব পাচার মামলার পলাতক আসামি শামসুল আলম ওরফে মার্কিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শামসুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও মানব পাচারকারী। ইয়াবা পাচারের তিনটি, মানব পাচারের তিনটি, অস্ত্র উদ্ধারের একটি এবং পুলিশের ওপর হামলার ঘটনায় করা একটিসহ মোট আট মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি তিনি। তাঁর বাড়ি উপজেলার সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে।
পুলিশের ভাষ্য, শামসুল আলম দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন সংগ্রহ করে সমুদ্রপথে অবৈধভাবে থাইল্যান্ড ও মালয়েশিয়া পাচার করে আসছিলেন। পাশাপাশি মিয়ানমার থেকে অবৈধভাবে ইয়াবার চালান দেশে নিয়ে আসতেন।
টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, উপজেলার নোয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়।