টেকনাফে তালিকাভুক্ত দুই 'মানব পাচারকারী' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই ‘মানব পাচারকারী’ রেহেনা আক্তার ও মোহাম্মদ উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানা-পুলিশের ভাষ্য, আজ ভোররাত চারটার দিকে থানা-পুলিশের একটি দল উপজেলার কম্বনিয়াপাড়ার মোহাম্মদ মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর স্ত্রী রেহেনা আক্তারকে গ্রেপ্তার করা হয়। রেহেনার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে করা দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী। এর আগে ভোররাত সাড়ে তিনটার দিকে জাহাজপুরা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ মোহাম্মদ উল্লাহকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তিনিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার দুজনকে গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর দাবি, রেহেনা আক্তারের বিরুদ্ধে তাঁর স্বামী মোহাম্মদ মিয়ার অবর্তমানে মালয়েশিয়া ও থাইল্যান্ডে মানব পাচারের জন্য আর্থিক লেনদেন করার অভিযোগ রয়েছে। তাঁদের আজ বিকেলে কক্সবাজার আমলি আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।