টেকনাফে তালিকাভুক্ত মানব পাচারকারী গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মানব পাচারকারী ও ১২ মামলার পলাতক আসামি মো. ইসলাম ওরফে বাগুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে সাবরাং ইউনিয়নের কচুবনিয়া পাড়া গ্রাম থেকে মো. ইসলামকে গ্রেপ্তার করা হয়। ওই গ্রামেই তাঁর বাড়ি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, মো. ইসলাম নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় ইসলাম পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ সদস্যরা তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মানব পাচারকারীদের একজন। সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচার এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগের ১২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি তিনি। ইসলাম দীর্ঘদিন পলাতক ছিলেন। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।