টেকনাফে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে আজ রোববার ভোরে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

৪২ টেকনাফ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আনা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে আজ ভোরে বিজিবির সদস্যরা আড়াই নম্বর স্লুইসগেট-সংলগ্ন নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেন। এর কিছুক্ষণ পর চার থেকে পাঁচজন লোক বেড়িবাঁধে উঠে এলে তাঁদের থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তাঁরা সংকেত অমান্য করে একটি বস্তা ফেলে পার্শ্ববর্তী প্যারাবনে পালিয়ে যান। বিজিবির সদস্যরা বস্তাটি উদ্ধার করলে সেখানে এক লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।

৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ প্রথম আলোকে জানান, উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় তিন কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ইয়াবাগুলো বিজিবির সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে এবং পরবর্তী সময়ে সংশ্লিষ্টদের উপস্থিতিতে তা ধ্বংস করা হবে।

অন্যদিকে, গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে ৪০ হাজার পিস ইয়াবাসহ একটি নৌকা ও জাল উদ্ধার করা হয়। এসব ইয়াবার মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।