টেকনাফে তিন লাখ ইয়াবাসহ আটক ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে তিন লাখ ইয়াবার একটি চালান আটক করেছে র‍্যাব। আজ মঙ্গলবার বিকেলে টেকনাফ থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার সময় চালানটি আটক করা হয়। এ সময় ১২ জনকে আটক করে র‍্যাব।

র‌্যাব-৭ কক্সবাজারের ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. দেলোয়ার হোসেনের দাবি, দেশে আটক ইয়াবার সবচেয়ে বড় চালান এটি। এগুলোর আনুমানিক দাম ১২ কোটি টাকা। আটক ব্যক্তিদের নামে মামলা করা হবে।

মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান আনা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে গত রোববার থেকে র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক মিসতাউল উদ্দিনের নেতৃত্বে একটি দল সেন্ট মার্টিনে অবস্থান নেয়।

আজ মঙ্গলবার সকাল থেকে ওই দলটি তিনটি স্পিডবোট নিয়ে সেন্ট মার্টিনের ছেরাদিয়া দ্বীপে অবস্থান নেয় । দুপুরে মিয়ানমার থেকে একটি ট্রলার আসতে দেখে সন্দেহ হওয়ায় থামার সংকেত দেয় র‍্যাব। এ সময় ট্রলারটি সংকেত না মেনে পালানোর চেষ্টা করে। ওই সময় ট্রলারটিকে ধাওয়া করে বিকেলে নাফ নদীর মোহনায় ১২ জন মাঝিসহ আটক করা হয়।
ট্রলারটিকে টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাটে এনে তল্লাশি করে তিন লাখ ইয়াবা পাওয়া যায়। ট্রলারটি নাম গায়ে ‘এফ বি রাশেদ’ লেখা থাকলেও, কাগজপত্রে ‘এফ বি ফাহমিদা’ লেখা ছিল। আটক ১২ জনের নাম রাত পৌনে আটটা পর্যন্ত জানা যায়নি।