টেকনাফে দালালসহ আটক ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গত বুধবার দিবাগত রাতে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে এক দালালসহ ১৮ ব্যক্তিকে আটক করেছেন কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা।
কোস্টগার্ডের দাবি, তাঁরা সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আটক যাত্রীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন। দালাল শফিকুল ইসলাম দেশের বিভিন্ন জায়গা থেকে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে লোকজন টেকনাফ নিয়ে এসেছিলেন।
কোস্টগার্ড সূত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সাব-লেফটেন্যান্ট মুসা মিয়ার নেতৃত্বে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় অভিযান চালিয়ে ১৩ ব্যক্তিকে আটক করা হয়। যাত্রীদের সঙ্গে শফিকুল ইসলাম নামের টেকনাফে এক দালালকে আটক করা হয়েছে। পরে তাঁদের টেকনাফ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
এদিকে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, বুধবার রাতে টেকনাফ-কক্সবাজার সড়কের দমদমিয়া বিজিবির তল্লাশি চৌকিতে টেকনাফগামী একটি বাসে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।