কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের জন্য অপহৃত দুই ছাত্রসহ চারজনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাচারে জড়িত থাকার অভিযোগে তিন শীর্ষ দালালকে আটক করা হয়েছে। গতকাল শনিবার ভোররাত তিনটার দিকে ঘটনাটি ঘটেছে।
বিজিবি সূত্র জানায়, দুই ছাত্র অপহরণ করে সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশে জাহাজে তুলে দেওয়ার গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ভোররাতে সাবরাং বিওপির সুবেদার বজলুর রহমানের নেতৃত্বে উপজেলার সাবরাং ইউনিয়নের কোয়াইনছড়িপাড়ার মৃত আমির হোসাইনের ছেলে খুল্যা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির মালিক মানব পাচারের শীর্ষ দালাল খুল্যা মিয়া (৩৮), একই এলাকার মৃত মীর আহমদের ছেলে মোহাম্মদ ইউনুছ (২৫) ও উখিয়ার পালংখালীর নুরুজ্জামানকে (৪০) আটক করা হয়। তল্লাশির একপর্যায়ে বাড়ির একটি কক্ষে হাত-পা বাঁধা অবস্থায় দুই ছাত্রসহ চার অপহৃতকে উদ্ধার করা হয়।
অপহৃত ব্যক্তিরা হলেন কক্সবাজারের পূর্ব খরুলিয়ার মৃত নুরুল আলমের ছেলে মো. ইছহাক (২৩), নাজির হোসাইনের ছেলে নুরুল ইসলাম (২২), টেকনাফ সদরের উত্তর লম্বরীর ফরিদ আহমদের ছেলে ও মিঠাপানিরছড়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইব্রাহীম (১৩) ও মৌলভি হাসানের ছেলে মোহাম্মদ ইউসুফ (১৩)।
উদ্ধার হওয়ার দুই ছাত্রের পরিবারের সদস্যদের দাবি, গত মঙ্গলবার দিনের কোনো একসময় মাদ্রাসার আশপাশের এলাকা থেকে দুই ছাত্রকে একটি চক্র অপহরণ করে নিয়ে যায়। এর পরদিন মুঠোফোনে অপহৃত ছাত্রদের পরিবারকে জানানো হয়, ‘আপনাদের ছেলেরা সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি দিচ্ছে। তাদের থাইল্যান্ড সীমান্ত থেকে মুক্ত করতে তিন লক্ষাধিক টাকার প্রয়োজন হবে। সেই টাকা মজুত করে রাখেন।’ এসব বলার পর ফোনের সংযোগ কেটে দেওয়া হয়। এ ঘটনা টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদকে অবহিত করলে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের দুই ছেলেকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া ছাত্র মোহাম্মদ ইব্রাহীম ও মোহাম্মদ ইউসুফ কান্নাকাটি করে বলে, ‘দালালেরা আমাদের অপহরণ করে একটি বাড়িতে নিয়ে প্রথমে মারধর করে। এরপর হাত-পা বেঁধে বাঁ হাতে রং দিয়ে দালালের চিহ্ন ইংরেজিতে “অ অ” লিখে দিয়ে একটি কক্ষে আটককে রাখে। সময়মতো বিজিবি না গেলে আমাদের মালয়েশিয়াগামী জাহাজে তুলে দিত।’
টেকনাফ ৪২ বিজিবির লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, অপহৃত ছাত্রদের পরিবারের কাছ থেকে অবহিত হওয়ার পর সাবরাং এলাকায় অভিযান চালিয়ে চারজনকে উদ্ধার করা হয়। সঙ্গে মানব পাচারের তিন শীর্ষ দালালকে আটক করে পুলিশে সোপর্দ করে মামলা করা হয়েছে।